পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে রাঙ্গুনিয়ায় আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাঙ্গুনিয়া মডেল থানা সংলগ্ন চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া থানা সদর গুমাই ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন পীরে তরিকত হযরতুল আল্লামা সৈয়দ আবু নওশাদ নঈমী আশরাফী নকশবন্দী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন নেছারী।
সৈয়দবাড়ি সুন্নি নূরানি একাডেমির প্রধান শিক্ষক মো. কাউসার হোসাইন এর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক ও উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ এনাম উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া থানা সদর গুমাই ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক মুহাম্মদ রফিকুল ইসলাম রফু। উপস্থিত ছিলেন সমিতির সদস্য সচিব ও সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।