রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত আটটার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের বিষয় নিয়ে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় মোজাম্মেল (৪৫) নামের এক ব্যক্তির বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে মোজাম্মেল এশার নামাজ পড়তে যাওয়ার পথে অন্ধকার একটি স্থানে আব্দুল মান্নানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. মুন্না ও স্বজনেরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।