আব্বাস হোসাইন আফতাব:
দুই বোনের জন্ম একই দিনে। শুধু জন্মদিনই নয়, তাঁদের জীবনের আরও অনেক অধ্যায় যেন একই সুতোয় বাঁধা। একই সময়ে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন তাঁরা। এরপর কেটে গেছে ৩৩ বছর। দীর্ঘ কর্মজীবনের শেষ দিনটিও এলো একই সঙ্গে। রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি বিআইজেডএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণা রায় চৌধুরী ও রাউজানের বাগোয়ানের পূর্ব নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রত্না রায় চৌধুরী যমজ বোন। গত সোমবার ছিল তাঁদের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস।
একই দিনে জন্ম নেওয়া দুই বোনের কর্মজীবনের শুরু হয়েছিলও একই সময়ে। শিক্ষকতা পেশাকে জীবনের সঙ্গী করে তাঁরা পাশাপাশি পেরিয়েছেন তিন দশকেরও বেশি সময়। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পড়াতে পড়াতে কখন যে ৩৩ বছর কেটে গেছে, তা যেন টেরই পাননি তাঁরা।
অবসরের দিনটিও তাই ছিল অন্য রকম। একদিকে কর্মজীবনের সমাপ্তির আবেগ, অন্যদিকে দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার বেদনা। দুই বোনের বিদায় উপলক্ষে তাঁদের নিজ নিজ বিদ্যালয়ে আয়োজন করা হয় পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের।
এসব অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তা, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সহকর্মীরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। শিক্ষার্থীদের কাছে দুই শিক্ষক ছিলেন শুধু পাঠদানের মানুষ নন, বরং অভিভাবকের মতো।
বক্তারা বলেন, রত্না রায় চৌধুরী ও কৃষ্ণা রায় চৌধুরী দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁদের কর্মদক্ষতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা সহকর্মী ও শিক্ষার্থীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
জীবনের শুরুতে পাশাপাশি পথচলা, একই সময়ে পেশাজীবনে প্রবেশ এবং ৩৩ বছর পর একই দিনে অবসরদুই যমজ বোনের জীবনের এই গল্প নিঃসন্দেহে ব্যতিক্রমী।
একজন রাউজানে, অন্যজন রাঙ্গুনিয়ায়। কর্মস্থল আলাদা হলেও তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যেন বারবার একই বিন্দুতে এসে মিশেছে। এবার শিক্ষকতার পাঠ চুকিয়ে দুজনই ফিরছেন অবসরজীবনে। তবে তাঁদের হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর স্মৃতিতে থেকে যাবে তাঁদের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের গল্প।