রাঙ্গুনিয়ায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গুনিয়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি। প্রধান আলোচক ছিলেন পার্কভিউ হাসপাতাল, চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এটিএম রেজাউল করিম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসক ছাড়াও ছাত্রশিবিরের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতা এবং উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বক্তব্য দেন।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।