‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে রাঙ্গুনিয়ায়।
সোমবার (৩১ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল
উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রানী গোপ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার , সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী,শিক্ষার্থী তাহিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেয়।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের সাংস্কৃতিক প্রতিভার বিকাশে উৎসাহিত করাই এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।