রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি সেমিপাকা দোকান ও একটি গুদাম পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ১০টি দোকান ও একটি গুদাম পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা বিভিন্ন মালামাল ও গুদামের সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।
রোববার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা মো. মামুনুর রশিদ । এ সময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক মো. সেকান্দর হোসেন, পারুয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি পাবেল হাসান, সহসভাপতি মো. সোলায়মানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।