‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবে রাঙ্গুনিয়ায়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সময়ে দেশব্যাপী একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন হবে।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান।
উপজেলা প্রশাসন, রাঙ্গুনিয়া এর আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের সাংস্কৃতিক প্রতিভার বিকাশে উৎসাহিত করাই এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।