রাঙ্গুনিয়ায় আগুনে ১০টি সেমিপাকা দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে আগুন লাগার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনে মো. কোরাইসিনের চারটি ফার্নিচারের দোকান, মো. আসাদের একটি মোবাইল টেলিকম দোকান, মো. মাহমুদের একটি ডেকোরেটর দোকান, মো. হাবিবুর রহমানের একটি অটোরিকশা মেরামতের দোকান, মো. আজাদের একটি হলুদ-মসলা গুদাম এবং মো. সামসুর দুটি ফার্নিচারের দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।