পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় থাকা রাঙ্গুনিয়ার ৮০ পরিবার পেল নতুন করে ঘর মেরামতের আশার আলো। এসব পরিবারের মধ্যে ৮০ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন এবং ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ঢেউটিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার নাজনীন সেতু, জেলা বিএনপি নেতা অধ্যাপক ইউনুছ চৌধুরী, আজম খাঁন, শওকত আলী নুর, ইউসুফ চৌধুরী, হেলাল উদ্দিন শাহ, জেলা যুবদল নেতা ও ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির আজীবন সদস্য আবুল কালাম আজাদ খাঁনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত জুলাই মাসে টানা অতিবৃষ্টি ও পাহাড়ধসে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে অসহায় ও নিম্নআয়ের অনেক পরিবার বসতঘর মেরামত নিয়ে সংকটে পড়ে। অর্থের অভাবে ক্ষতিগ্রস্ত ঘর সংস্কার করতে না পারায় অনেক পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির অর্থায়নে ঢেউটিন বিতরণ করা হয়। একটি পরিবারকে একটি বান করে মোট ৮০ পরিবারের মধ্যে ৮০ বান ঢেউটিন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ। ঢেউটিন পাওয়ায় পরিবারগুলো ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারানো বা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তার দৃষ্টান্ত তৈরি করেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।