রাঙ্গুনিয়া পৌর এলাকায় কুকুরের উপদ্রবে চরম আতঙ্ক বিরাজ করছে। গত কয়েক দিনে এসব কুকুরের কামড়ে শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইছাখালি পশ্চিমপাড়া এলাকায় কুকুরের কামড়ে ৪ জন আহত হয়। স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াছ বলেন, কুকুরগুলো পথচারী ও এলাকাবাসীর ওপর চড়াও হয়ে কামড়ায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, শুধু মানুষ নয়, এসব কুকুর পোষা হাঁস-মুরগি ও বিভিন্ন গবাদিপশুর ওপরও আক্রমণ করছে। কয়েকটি হাঁস-মুরগি ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে রাঙ্গুনিয়া মহিলা কলেজ, বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয় ও বিআইজেড মডেল সরকারব প্রাথমিক বিদ্যালয়ের আশপাশেও কুকুরের উৎপাত বেড়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিয়ে এসব কুকুরের উপদ্রব বন্ধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।