রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা ও সাধারণ ডায়েরির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য নয়জনকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের একজন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বকতেয়ার। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা রয়েছে। গ্রেপ্তার অপর ব্যক্তি মোহাম্মদ ফারুক চৌধুরী। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে নয়জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. মহিউদ্দিন, মো. ফোরকান, মো. সাদ্দাম, মো. জালাল উদ্দিন, তপু কান্তি শীল, মো. হৃদয়, মো. শওকত, অপু কান্তি শীল ও মো. রুবেল।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।