রাঙ্গুনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২)’ ও প্রধানমন্ত্রীর গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পোমরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের এ দুটি আয়োজনে অংশ নিতে উৎসাহিত করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি প্রতিভা বিকাশের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২)’-এর রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তৃণমূলের ক্রীড়াবিদ ও যুবসমাজকে এ আয়োজনে সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
রেজিস্ট্রেশন বাড়াতে উপজেলার সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত কার্যক্রমের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের মাধ্যমে স্থানীয় ক্রীড়া ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও উপজেলা আইসিটি সেলে রেজিস্ট্রেশন সহায়তা বুথ চালু এবং মাইকিং, পোস্টারিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দিতে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।