রুবেল মাহবুব :
রাঙ্গুনিয়ায় স্থানীয় সংসদ সদস্যের নিষেধাজ্ঞার পরও ইছামতী খাল থেকে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
রোববার রাত আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়াখিল মোগল দক্ষিণপাড়া-সংলগ্ন তুলাতলা এলাকায় মেশিন বসিয়ে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। ‘ইছামতী খাল রক্ষা আন্দোলন কমিটি’র এক নেতা বিষয়টি জানান।
রাত ১১টার দিকে স্থানীয় এক বিএনপি নেতা ঘটনাস্থলে বালু উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে ক্ষোভ প্রকাশ করেন। রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ জানান, ওপর মহলের নির্দেশে মেশিনের সংযোগ খুলে দেওয়া হয়েছে।
সোমবার সকালে ছাত্রদল, যুবদল ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তাঁরা বলেন, স্থানীয় সংসদ সদস্য বালু উত্তোলনকে অবৈধ ঘোষণা করার পরও এমন ঘটনা দুঃখজনক। তাঁরা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
ইছামতী খাল রক্ষা আন্দোলন কমিটির দাবি, বর্তমানে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তবে মোগলের হাট-রাজারহাট সড়ক ও একটি মসজিদের পাশে ওই স্থানে এখনো মেশিন ও পাইপ পড়ে আছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, ইছামতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে খালের তীর ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁরা বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।