রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার ও সনদ দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সভায় উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী।
এ সময় বক্তব্য দেন মৎস্য দলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সফল মৎস্যচাষি মো. নঈম উদ্দিন ও উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, মৎস্যজীবী, মৎস্য ক্রেতা-বিক্রেতা এবং মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষিদের মধ্যে পদুয়ার মো. নঈম উদ্দিন, ইসলামপুরের আলহাজ্ব নুর মোহাম্মদ তালুকদার এবং সুখবিলাস, পদুয়ার মো. মুবিনুল হক চৌধুরীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ দেওয়া হয়।