মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়ক হয়ে র্যালিটি পোমরা খাঁ মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান। মুহাম্মদ শাহ শাওন ও মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন সচিব ও রাজনীতিবিদ এডভোকেট এম ইকবাল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম ইকবাল হাসান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু একজন ধর্মীয় মহামানব নন, তিনি মানবতার মুক্তির দূত। তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে বৈষম্য, জুলুম, দুর্নীতি, অনিয়ম ও মানুষের প্রতি মানুষের অবিচার দূর করা সম্ভব।
তিনি বলেন, বর্তমানে সাধারণ মানুষ নানা সংকট ও দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। জনগণের মৌলিক অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।
এডভোকেট এম ইকবাল হাসান আরও বলেন, মহানবী (সা.) মদিনায় এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ন্যায়বিচার, আমানতদারি, মানবিক মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও দুর্বলদের অধিকার সংরক্ষণ নিশ্চিত করা হয়েছিল। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার সেই আদর্শ আজও মানবতার জন্য অনুকরণীয়। ক্ষমতা ও নেতৃত্বকে ব্যক্তিস্বার্থে নয়, জনগণের কল্যাণে ব্যবহার করাই মহানবী (সা.)-এর শিক্ষা।
সমাবেশে বক্তারা বলেন, মাহে রবিউল আউয়াল মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তাঁর জীবন ও কর্মের আলোকে সমাজকে আলোকিত করার পাশাপাশি যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আলহাজ্ব সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী, মাওলানা জরিফ আলী আরমান, অধ্যক্ষ আজিজুল হক, মাওলানা করিম উদ্দীন নূরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, কাজী মুহাম্মদ আইয়ুব, মাহামুদুর রশিদ মাসুদ, আব্দুল কাদের মাস্টার, মুহাম্মদ ছানাউল্লাহ, জামাল উদ্দীন, মুহাম্মদ আলতাফ হোসেন, মীর মুহাম্মদ হাবীবুল্লাহ, মুহাম্মদ দিদারুল আলম, এইচ এম শহীদুল্লাহ্, মুহাম্মদ রাশেদুল বারী, শাহজাদা সৈয়দ গোলাম রসূল, আবদুস শাকুর, মুহাম্মদ শহীদ, রবিউল মোস্তফা রাফি, জমিরসহ ইসলামী ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, সংগঠনের কর্মী-সমর্থক ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।