কাপ্তাই সড়ক যেন আজ যাত্রীদের কাছে এক দীর্ঘশ্বাসের নাম। গ্যাস সংকটের সুযোগে সিএনজি অটোরিকশার ভাড়া বেড়েছে লাগামহীনভাবে। লিচু বাগান থেকে রাঙ্গুনিয়া, কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকা পেরিয়ে বহদ্দারহাট—প্রতিদিন এই পথে ছুটে চলেন হাজারো মানুষ। তাঁদের কারও গন্তব্য কর্মস্থল, কারও শিক্ষাপ্রতিষ্ঠান, কারওবা হাসপাতাল। অথচ পথের শুরুতেই ভাড়ার বাড়তি বোঝা তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।
কোথাও নির্ধারিত ভাড়ার দুই গুণ, কোথাও তিন গুণ—যাত্রীদের যেন অসহায়ভাবে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। স্বল্প ও মধ্যম আয়ের মানুষের কাছে প্রতিদিনের এই অতিরিক্ত ব্যয় কেবল বাড়তি ভাড়া নয়; এটি পরিবারের প্রয়োজনীয় খরচের ওপর আরেকটি চাপ।
একটি জনপদের সড়ক শুধু যানবাহন চলাচলের পথ নয়, মানুষের জীবন-জীবিকারও সেতুবন্ধন। তাই কাপ্তাই সড়কে নিরাপদ, নিয়মিত ও সাশ্রয়ী গণপরিবহন এখন সময়ের দাবি।
লিচু বাগান–বহদ্দারহাট রুটে পর্যাপ্ত সংখ্যক নিয়মিত লোকাল বাস চালু করা হলে একদিকে যেমন হাজারো যাত্রীর দুর্ভোগ কমবে, অন্যদিকে সিএনজি অটোরিকশার ভাড়া নৈরাজ্যও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
সেই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকর, গুরুত্বপূর্ণ স্টপেজগুলোতে বাস থামানো এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
মানুষের চলাচলের পথ যেন মানুষের দুর্ভোগের কারণ না হয়—এই প্রত্যাশায় কাপ্তাই সড়কে দ্রুত লোকাল বাস সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বাস মালিক সমিতির প্রতি আন্তরিক ও জোরালো আহ্বান জানাচ্ছি।
-শহীদুল্লাহ কায়সার
শিক্ষক