শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

বগাবিলীতে একের পর এক চুরি, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী ব্রিজসংলগ্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রবাসীদের বাড়ি, পুরুষশূন্য পরিবার, দোকান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধারাবাহিক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত চুরি বন্ধে পুলিশি টহল জোরদার ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
সর্বশেষ বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক একটার দিকে বগাবিলী ব্রিজসংলগ্ন এলাকায় মরহুম মাওলানা সিদ্দিক আহমদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, রান্নাঘরের চালের টিন কেটে চোর ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ সময় ঘরের একটি কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরহুম মাওলানা সিদ্দিক আহমদের স্ত্রী নুর আয়শা বেগম বলেন, দিনের বেলায় একজনকে তাঁদের বাড়ির উঠানে দেখেছিলেন। রাতে ঘরে তাঁর ছেলে, ছেলের স্ত্রী ও নাতি ছিলেন। চোর টিন কেটে ঘরে ঢুকে একটি কক্ষের দরজা বাইরে থেকে আটকে দিয়ে চুরি করে। ছেলের স্ত্রী একা থাকায় ভয়ে কাউকে ডাকতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, বগাবিলী এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী প্রবাসী আহমদ খোকনের বাড়িতে গত এক মাসে দুইবার চুরি হয়েছে বলে জানান তাঁর স্ত্রী রিজু আক্তার। তাঁর ভাষ্য, স্বামী ও ছেলে বিদেশে থাকায় তিনি ও ছেলের স্ত্রী বাড়িতে থাকেন। এই সুযোগে দুই দফায় ঘরে ঢুকে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা।
একই এলাকার প্রবাসী আহমদ কবিরের বাড়িতেও গত দুই মাসে দুইবার চুরির অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী সুমি আক্তার বলেন, বাড়ির পেছনের টিনের চাল কেটে একই কায়দায় দুইবার চুরি করা হয়েছে। তিনি ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন।
এ ছাড়া স্থানীয় বাসিন্দা আবদুল গফুরের বাড়ি থেকে প্রায় এক মাস আগে দুটি জানালা ও একটি লোহার দরজা চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত এক মাসে এলাকার একটি দোকান, মসজিদের দানবাক্স ও একটি খানকাহ শরিফের দানবাক্সেও চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
এর দুই দিন আগে একই এলাকার ইউছুপ আলীর একটি মোটরসাইকেল চুরি হয়। স্থানীয়দের ভাষ্য, পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে চোর সেটি ফেলে পালিয়ে যায়। পরে সকালে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও রাজানগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসেম বলেন, বগাবিলী একসময় শান্তিপূর্ণ এলাকা ছিল। বর্তমানে ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বগাবিলী ব্রিজের পরের এলাকাটি বর্তমানে চুরি-ডাকাতির আতঙ্কে রয়েছে। বিশেষ করে প্রবাসীদের বাড়িগুলোকে লক্ষ্য করে বারবার চুরির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয়দের দাবি, ঘটনাগুলো বিচ্ছিন্ন হিসেবে না দেখে ধারাবাহিক অপরাধ হিসেবে তদন্ত করা প্রয়োজন। একই এলাকায় একই ধরনের চুরির ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর অভিযোগ, অনেক পরিবারের পুরুষ সদস্য বিদেশে থাকায় সেই সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক বাড়ছে। রাতে পুলিশের টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে নজরদারি এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews