রাঙ্গুনিয়ায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রাজানগর ইউনিয়নের বেতছড়ি এলাকায় ইছামতী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।
এদিকে একই দিন রাণীরহাট বাজারে অভিযান চালিয়ে লক্ষ্মী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।
অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। R- আব্বাস হোসাইন আফতাব