রাঙ্গুনিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৩ দশমিক ৫৫ শতাংশ। উপজেলার ৪১টি বিদ্যালয় থেকে মোট ৩ হাজার ৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৩৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসিতে পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে পাসের হার সবচেয়ে বেশি ৭২ দশমিক ৯২ শতাংশ। বিদ্যালয়টির ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন পাস করেছে। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
রাঙ্গুনীয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৩ জন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, যা উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।
পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৭০ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন। রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৭০ দশমিক ১৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
ফলাফলে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে। রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার সবচেয়ে কম ১৮ দশমিক ৫২ শতাংশ। বিদ্যালয়টির ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন উত্তীর্ণ হয়েছে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।
এদিকে রাঙ্গুনিয়ায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৬৫ শতাংশ। উপজেলার ১৫টি মাদ্রাসা থেকে মোট ৬৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। দাখিলে সর্বোচ্চ পাসের হার রাঙ্গুনিয়া নূরুল উলুম কামিল মাদ্রাসায় ৮৩ দশমিক ৬৭ শতাংশ।
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাঙ্গুনিয়ায় পাসের হার ৬০ দশমিক ১৫ শতাংশ। মোট ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৭ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। এ শাখায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পাসের হার সর্বোচ্চ ৯০ দশমিক ৯১ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। এর বিপরীতে রাঙ্গুনিয়ার এসএসসি পরীক্ষার পাসের হার ৫৩ দশমিক ৫৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশের বিপরীতে রাঙ্গুনিয়ায় দাখিলের পাসের হার ৫৯ দশমিক ৬৫ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশের বিপরীতে রাঙ্গুনিয়ায় ভোকেশনালে পাসের হার ৬০ দশমিক ১৫ শতাংশ।