রাঙ্গুনিয়ার বেতাগী দরবার আস্তানা শরিফের ১১৬তম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জশনে জুলুস সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বাদ মাগরিব বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় দরবার আস্তানা শরিফে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন পীরেতরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফশাহ)।
সভায় বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াস নূরী, আহমদ সাঈদ, হাজী মমতাজুল হক, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা আহমদ করিম নঈমী, গাজী জামাল উদ্দিন, এস.এম. রেজাউল করিম বাবর, সৈয়দ রফিক আহমদ, মোহাম্মদ সানাউল্লাহ, ডা. মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ আজিম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেতাগী আনজুমানে রহমানিয়ার বিভিন্ন শাখার কর্মকর্তা, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বিভিন্ন স্মৃতি সংসদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় ১৩ রবিউল আউয়াল অনুষ্ঠেয় জশনে জুলুসের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা ও আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াস নূরীকে আহ্বায়ক এবং মাস্টার দেলোয়ার হোসাইন সাইফুকে সদস্যসচিব করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়। পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে।