নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গুনিয়া পৌর এলাকায় সড়কবাতির বৈদ্যুতিক তার চুরি উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রায় প্রতিরাতেই পৌরসভার কোনো না কোনো এলাকা থেকে সড়কবাতির তার চুরির ঘটনা ঘটছে। এতে একদিকে জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বারবার নতুন তার স্থাপন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে।
স্থানীয় বাসিন্দা ও পৌরসভা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইছামতি এলাকার একটি সড়ক থেকে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা মূল্যের সড়কবাতির তার চুরি হয়। ওই ঘটনার পর প্রায় এক মাস সড়কটি অন্ধকারে ছিল। পরে স্থানীয় বিএনপি নেতা মো. ইসকান্দর নতুন তার কিনে দিলে সেগুলো স্থাপন করা হয়। তবে স্থাপনের পরদিনই দুর্বৃত্তরা আবারও সেই তার চুরি করে নিয়ে যায়।
এর আগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি হিন্দুপাড়া সড়ক থেকেও সড়কবাতির তার চুরি হয়। এছাড়া বিআইজেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কাপ্তাই সড়কের সৈয়দবাড়ি হরিণগেইট হয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইট পর্যন্ত বিভিন্ন স্থানে স্থাপিত সড়কবাতির তারও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটলেও চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে রাত নামলেই অনেক সড়ক অন্ধকারে ডুবে থাকে। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিনিয়ত নতুন তার কিনে স্থাপন করতে গিয়ে অতিরিক্ত ব্যয় হচ্ছে। বারবার একই ধরনের ঘটনার কারণে জনসাধারণকে সড়কবাতির সুবিধা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা রাতের টহল, চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কবাতির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।