নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবল শুধু মাঠের লড়াই নয়, এটি মানুষকে একত্রিত করারও এক অনন্য উপলক্ষ। সেই আবেগকে ধারণ করে পাঠকদের আরও কাছাকাছি আনতে পাক্ষিক পত্রিকা ‘চলমান রাঙ্গুনিয়া’–এর পাঠক সংগঠন বন্ধু সমাবেশ আয়োজন করেছিল বিশ্বকাপ ফুটবল কুইজ–১ ও কুইজ–২। কয়েক সপ্তাহ ধরে চলা এই আয়োজনের পর বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাঙ্গুনিয়ার ড্রিম রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি যেন ছিল ফুটবলপ্রেমী, পাঠক, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও ক্রীড়ানুরাগীদের এক প্রাণবন্ত মিলনমেলা। হাসি, করতালি আর আন্তরিক শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
বন্ধু সমাবেশের আহ্বায়ক কৃষিবিদ সনজীব সুশীলের সভাপতিত্বে এবং সদস্যসচিব, বাচিকশিল্পী ও শিক্ষক এম মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ও ক্রীড়ানুরাগী ডা. প্রবীর খিয়াং। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার।প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাউজান প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও ক্রীড়া সাংবাদিক নেজাম উদ্দিন রানা। উদ্বোধনী বক্তব্য দেন ‘চলমান রাঙ্গুনিয়া’র সম্পাদক আব্বাস হোসাইন আফতাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রহিম উদ্দিন সিকদার, ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো. আবু জাহেদ, পত্রিকার নির্বাহী সম্পাদক জগলুল হুদা ও কুইজ বিজয়ী ভয়েস আর্টিস্ট মো. শাহাদাত ।
বক্তারা বলেন, একটি সংবাদপত্রের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; পাঠকদের সঙ্গে জ্ঞান, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক সম্পৃক্ততার সেতুবন্ধন গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পাঠকদের অংশগ্রহণে আরও জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিল্পী রাতুল বৈদ্যের পরিবেশনায় এবং অর্ণব মল্লিকের তবলা সহযোগিতায় মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।অনুষ্ঠানে তাৎক্ষনিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন ডাক্তার প্রবীর খিয়াং। ব্যবসায়ী আবু জাহেদ সৌজন্যে এই পুরষ্কার প্রদান করা হয়।
শেষ পর্বে কুইজ–১ ও কুইজ–২-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন পোমরা ইউনিয়নের মো. নাফিজুল আলম, মরিয়মনগর ইউনিয়নের মো. আরাফাত, লালানগর ইউনিয়নের মো. আশরাফুল, রাঙ্গুনিয়া পৌর এলাকার মো. সায়েদ, মো. আরিফুল ইসলাম, সুজন বড়ুয়া ও আবদুল রানা এবং চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের মো. শাহাদাত।
একটি কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয়নি আয়োজনটি; বরং পাঠক, সংস্কৃতি ও খেলাধুলার প্রতি ভালোবাসাকে এক সুতোয় গেঁথে দিয়েছে ‘চলমান রাঙ্গুনিয়া’। উপস্থিত অনেকের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন আয়োজন রাঙ্গুনিয়ার সাংস্কৃতিক ও সামাজিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে।