নিজস্ব প্রতিবেদক
রাঙ্গুনিয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার সরফভাটা সুচিয়া পাড়া এলাকার মো. নজরুলের ছেলে ওবায়দুল (৩৪) এবং পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এলাকার মৃত জাফর আহাম্মদের ছেলে সাইফুদ্দিন রুবেল (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।