শিশুদের জন্য লেখা মানেই কেবল ছন্দের খেলা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে কল্পনার ডানা, মূল্যবোধের শিক্ষা এবং আনন্দে ভরা এক নির্মল পৃথিবী। সেই জগতকে আরও সমৃদ্ধ করার নিরলস প্রয়াসের স্বীকৃতি পেলেন পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, কবি, সাংবাদিক ও শিশুসাহিত্যিক আকাশ আহমেদ।
রৌদ্রছায়া প্রকাশ থেকে প্রকাশিত তাঁর শিশুতোষ ছড়াগ্রন্থ ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’-এর জন্য তিনি অর্জন করেছেন চট্টগ্রামের মর্যাদাপূর্ণ মুজিবুর রহমান–কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৫। এর আগে তিনি কিশোর উপন্যাস ‘একলা মেয়ের মেঘলা দুপুর’-এর জন্যে চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ অর্জন করেছিলেন।এই সম্মাননা শুধু একজন লেখকের ব্যক্তিগত অর্জন নয়, বরং শিশু-কিশোর সাহিত্যচর্চার প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায় সক্রিয় আকাশ আহমেদ। বিশেষ করে শিশুদের জন্য ছড়া, গল্প ও সৃজনশীল লেখালেখিতে তিনি নিজস্ব স্বকীয়তা গড়ে তুলেছেন। সহজ ভাষা, প্রাণবন্ত ছন্দ এবং কল্পনাশক্তির সমন্বয়ে তাঁর লেখাগুলো শিশুদের কাছে যেমন আনন্দের, তেমনি শিক্ষণীয়ও।
‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’ গ্রন্থে প্রকৃতি, প্রাণীজগৎ, হাস্যরস ও শিশুমনের সরল অনুভূতিকে ছন্দের মাধুর্যে তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশের পর থেকেই পাঠক ও সাহিত্যপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আকাশ আহমেদ বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। শিশুদের জন্য আরও ভালো লেখা উপহার দেওয়ার অনুপ্রেরণা পেলাম। যারা আমার লেখালেখির পথচলায় পাশে ছিলেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।”
সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনদের মতে, শিশুদের জন্য মানসম্পন্ন সাহিত্য রচনায় যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি দেওয়া ভবিষ্যৎ প্রজন্মের সাহিত্যচর্চাকে আরও উৎসাহিত করবে। সেই ধারাবাহিকতায় আকাশ আহমেদের এই অর্জন নতুন লেখকদেরও অনুপ্রাণিত করবে বলে তারা মনে করেন।
একজন কবি, একজন সাংবাদিক এবং একজন শিশুসাহিত্যিক তিনটি পরিচয়কে সমান দক্ষতায় ধারণ করে এগিয়ে চলা আকাশ আহমেদের এই সম্মাননা তাঁর সাহিত্যযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করল। পাঠকের প্রত্যাশা, আগামী দিনেও তিনি শিশু-কিশোরদের জন্য আরও সমৃদ্ধ ও হৃদয়স্পর্শী সাহিত্য উপহার দেবেন।আকাশ আহমেদের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- কিশোর গল্পগ্রন্থ নির্ঝর ও টুনটুন পাখি ও গাঙচিলের গান, কিশোর উপন্যাস আয় আয় মেঘপরী, কিশোর কবিতার বই মেঘ বলেছে বৃষ্টি হবে, ছড়াগ্রন্থ ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা, বড়দের উপন্যাস কুয়াশাকাল এবং গল্পগ্রন্থ বিবস্ত্র জোছনা।