নিজস্ব প্রতিনিধি: গ্যাস সরবরাহে সংকটের প্রভাব পড়েছে রাঙ্গুনিয়া উপজেলার সিএনজি চালিত অটোরিকশা চলাচলে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অনেক চালক গাড়ি নিয়ে সড়কে নামতে পারছেন না। এতে অটোরিকশার সংখ্যা কমে গিয়ে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়ক, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। প্রয়োজনের তুলনায় যানবাহন কম থাকায় অনেকেই গন্তব্যে পৌঁছাতে বিলম্বের শিকার হন। এ সুযোগে কয়েকটি রুটে স্বাভাবিক ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা।
চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়ায় ফেরার পথে ভোগান্তিতে পড়েন যাত্রী সুব্রত বড়ুয়া। তিনি বলেন, “শহর থেকে রাঙ্গুনিয়ায় আসার সময় কাপ্তাই সড়কের মাথায় এসে গাড়ির সংকটে পড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো সিএনজি অটোরিকশা পাওয়া যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে রাঙ্গুনিয়ায় আসতে হয়েছে। গ্যাস সংকটের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।”
স্থানীয় কয়েকজন যাত্রী জানান, সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সিএনজি অটোরিকশা পাওয়া সবচেয়ে কঠিন হয়ে পড়েছে। অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, আবার কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।
সিএনজি চালকদের দাবি, গ্যাস সরবরাহে নিম্নচাপ ও সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে প্রতিদিন অনেক চালক গাড়ি চালাতে পারছেন না। ফলে সড়কে অটোরিকশার সংখ্যা কমে গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।