শিক্ষার মানোন্নয়নে শুধু ভালো পাঠদানই যথেষ্ট নয়, প্রয়োজন একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মনোরম শিক্ষা পরিবেশ। সেই লক্ষ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। গত ২ আগস্ট উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, অবকাঠামো, শ্রেণিকক্ষ, মাঠ ও অন্যান্য সুবিধা ঘুরে দেখেন। বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও মো. নাজমুল হাসান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বলেন, একটি পরিচ্ছন্ন বিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করে না, তাদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতাও গড়ে তোলে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং এ কাজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনের সময় তিনি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজও পর্যালোচনা করেন। প্রকল্পগুলোর গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
স্থানীয়দের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত প্রশাসনিক তদারকি ও পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার ফলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের নিয়মিত পরিদর্শন সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে।
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।