রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সমিলঘাট বাজারে অগ্নিকাণ্ডে একটি আসবাবপত্রের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে আসবাবপত্রের দোকানের অন্তত ৬ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সমিলঘাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এর আগেই দুটি দোকানের ব্যাপক ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সাইফুল বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তিনি আসবাবপত্রের ব্যবসা শুরু করেছিলেন। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে পাঁচটি খাট ও একটি আলমারি ক্রেতাদের কাছে সরবরাহ করার কথা ছিল। এসব আসবাব প্রায় প্রস্তুত ছিল। কিন্তু আগুনে সব পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।
আগুনে পাশের একটি চায়ের দোকানও পুড়ে যায়। গভীর রাতে আগুন লাগায় দোকান থেকে কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।