রাঙ্গুনিয়ার এডুএইড মডেল স্কুল অ্যান্ড কলেজের রেক্টর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল আজিম সিকদার নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতার বিবেচনায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
ড. নুরুল আজিম সিকদার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সমুদ্রবিজ্ঞান বিষয়ে তাঁর গবেষণালব্ধ নিবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নবনির্বাচিত রেক্টরকে অভিনন্দন জানানো হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার বিকাশে নতুন গতি আসবে।