রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাজ্জাদ (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই)দুপুর ১২টার দিকে পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদের ৫ বছর বয়সে বাবা মারা যান। এরপর থেকে তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। ঘটনাটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে জানা গেছে।