নিজস্ব প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে অভিযান চালিয়ে নয়ন তালুকদার (৪৫) নামে একজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নয়ন তালুকদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার তথ্য রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, “দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার ঘটছে। এতে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করতে হবে, যাতে মাদক ব্যবসায়ীরা আইনের ফাঁক গলে দ্রুত বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়তে না পারে।”
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, “গ্রেপ্তার হওয়া নয়ন তালুকদার একজন চিহ্নিত অপরাধপ্রবণ ব্যক্তি। তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।