চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি), রাঙ্গুনিয়া সার্কেল মো. বেলায়েত হোসেন বলেছেন, “নীতি-নৈতিকতা সমাজে ফিরিয়ে আনতে হবে। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে সামাজিকভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এএসপি মো. বেলায়েত হোসেন আরো বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মডেল নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হলে অপরাধ অনেকাংশে কমে আসবে।
মডেল থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য হলো জনগণ ও পুলিশের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।