নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় সোনাইছড়ি খাল থেকে অবৈধভাবে বালু তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর এক সাংবাদিককে হাত-পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকির শিকার সাংবাদিকের নাম ইসমাঈল হোসেন নয়ন। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর রাঙ্গুনিয়া প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্য।
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পারুয়া ইউনিয়নের সোনাইছড়ি খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে চর কেটে বালু উত্তোলন ও তা ট্রলি ও ট্রাকে করে বাইরে বিক্রি করা হচ্ছিল। সম্প্রতি তিনি সরেজমিনে গেলে উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যান। পরে তিনি ঘটনাস্থল ও পালিয়ে যাওয়ার দৃশ্য নিজের ফেসবুক আইডি এবং তাঁর পরিচালিত সংবাদিকতাভিত্তিক ফেসবুক পেজ ‘রাঙ্গুনিয়া টুয়েন্টি ফোর’-এ প্রকাশ করেন।
ইসমাঈল হোসেন অভিযোগ করে বলেন, একটি অজ্ঞাত ফোন নম্বর থেকে তাঁকে কল করে সরাসরি হাত-পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়।
সাংবাদিক ইসমাঈল বলেন, “পুরো রাঙ্গুনিয়াবাসী যেখানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে, সেখানে এরা কেন প্রকাশ্য অবস্থান নিচ্ছে? আর সাধারণ মানুষের বালু কাটা হলে সামান্য একটি ভিডিও পোস্টের কারণে হুমকি কেন দেওয়া হবে?”
সাংবাদিককে হুমকির এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব। সংগঠনের নেতারা অবিলম্বে তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের সুরক্ষার দাবি জানান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। জিডি নথিভুক্ত করা হয়েছে৷ দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”