রাঙ্গুনিয়ার যুদ্ধকালীন কমান্ডার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক পরিচালক এবং ‘স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়া ’৭১-এর স্মৃতি’ গ্রন্থের লেখক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ আহমদ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবু ছালেহ আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাঙ্গুনিয়া এলাকায় যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে তিনি লেখালেখি করেন।
তাঁর রচিত ‘স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়া ’৭১-এর স্মৃতি’ গ্রন্থে রাঙ্গুনিয়ার মুক্তিযুদ্ধ, গেরিলা অভিযান এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের অবদানের নানা তথ্য স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস জানতে আগ্রহীদের কাছে বইটি একটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে পরিচিত।
তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।