প্রতিবেদন:সৌরভ সাহা- আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথ। রথযাত্রার দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তারিণী চরণ মহাজনের হাট সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথদেব মন্দির থেকে ভক্তদের কাছে ‘মাসীর বাড়ি’ নামে পরিচিত দক্ষিণ সাবেকের শ্রীশ্রী সমভাব আদিত্য ধাম ও রাধা গোপীনাথ মন্দিরে আগমনের পর আট দিন অবস্থান শেষে নবম দিনে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা আজ নিজ মন্দিরে প্রত্যাবর্তন করবেন।
উল্টো রথ উপলক্ষে সকাল থেকেই আদিত্য ধাম ও জগন্নাথ মন্দিরে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলারতি, পূজা-অর্চনা, বৈদিক মন্ত্রোচ্চারণ, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে।
বিকেলে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে অধিষ্ঠিত করে নিজ মন্দিরের উদ্দেশ্যে উল্টো রথযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় শত শত ভক্ত রথের দড়ি টেনে অংশ নেবেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে রথটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারিণী চরণ মহাজনের হাটের জগন্নাথ মন্দিরে পৌঁছাবে।
আয়োজকরা জানান, উল্টো রথ উপলক্ষে ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রার মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথদেবের ‘মাসীর বাড়ি’ গমন এবং উল্টো রথে নিজ মন্দিরে প্রত্যাবর্তন শুভ, মঙ্গল ও ভক্তির প্রতীক। প্রতিবছরের মতো এবারও উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে বলে আশা করছেন আয়োজক ও ভক্তরা।