দুর্যোগ আসে ধ্বংসের বার্তা নিয়ে। তবে এর মাঝেও কিছু মানুষ ও সংগঠন মানবিকতার আলো জ্বালিয়ে রাখে। জুলাই মাসে টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় বিপর্যস্ত রাঙ্গুনিয়ার মানুষের পাশে ঠিক এমনভাবেই নিরলসভাবে দাঁড়িয়েছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ ও যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গুনিয়া ইউনিট। সেই মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে দুই সংগঠনকে ‘দুর্যোগে মানবিক সেবায় বিশেষ সম্মাননা স্মারক’ প্রদান করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।
রোববার (১৯ জুলাই) রাতে উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠন দুটির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
দুর্যোগের কঠিন সময়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষ উদ্ধার, আশ্রয়কেন্দ্রে সহযোগিতা, শুকনো খাবার ও ত্রাণ বিতরণ, জরুরি সহায়তা এবং দুর্গত মানুষের পাশে থেকে নিরলস সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ ও যুব রেড ক্রিসেন্ট। তাদের এই মানবিক ভূমিকা স্থানীয় মানুষের প্রশংসা কুড়ানোর পাশাপাশি প্রশাসনের নজরেও আসে।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়েছে, “July Heavy Rainfall-২০২৬ চলাকালীন পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সেবা প্রদান করায়” দুই সংগঠনকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আন্তরিক অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। মানুষের কল্যাণে তাদের এই নিঃস্বার্থ অবদান সমাজের জন্য অনুকরণীয়।
রাঙ্গুনিয়ার সচেতন মহল মনে করছে, এই সম্মাননা শুধু দুটি সংগঠনের অর্জন নয়; এটি মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী চেতনা ও সামাজিক দায়বদ্ধতারও স্বীকৃতি। এমন উদ্যোগ ভবিষ্যতেও দুর্যোগের সময়ে আরও বেশি মানুষকে মানবসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।