বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

“নিজের সবটুকু বিলিয়ে দিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন রাখাল দাশগুপ্ত”- শোক সভায় বক্তারা

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া রাসবিহারী ধামের প্রতিষ্ঠাতা সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি প্রয়াত দানবীর রাখাল দাশগুপ্তের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, নিজের সবটুকু বিলিয়ে দিয়ে মানুষের কল্যাণে কাজ করার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা বর্তমান সমাজে বিরল।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে ধাম প্রাঙ্গণে এ শোকসভার আয়োজন করা হয়।
সাবেক জেলা ও দায়রা জজ নির্মল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াতের সহধর্মিণী পারুল দাশগুপ্ত। স্বাগত বক্তব্য দেন সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি সনজীব সুশীল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক অসীম কুমার শীল, অসীম দত্ত, কানু দাশগুপ্ত, বিকাশ কর, গোপাল চৌধুরী, বাবুল বিশ্বাস, রমেন্দ্র লাল দে, টিটু সেন, সেবুব্রত রায় চৌধুরী ও ত্রিদিপ সাহা। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কয়েক শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, রাখাল দাশগুপ্ত সনাতন ধর্মের কল্যাণ, জাগরণ ও প্রসারে আজীবন কাজ করেছেন। বিভিন্ন মঠ-মন্দির প্রতিষ্ঠা ও উন্নয়নে তিনি নিয়মিত দান-অনুদান দিয়েছেন। তবে তাঁর মানবসেবা কোনো ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, দুর্যোগকবলিত মানুষের সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি ছিলেন অগ্রণী।
আলোচকেরা আরও বলেন, একজন সফল ব্যবসায়ী হয়েও তিনি অত্যন্ত সাদাসিধে ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। বিলাসবহুল জীবন নয়, মানুষের কল্যাণেই নিজের সম্পদ ব্যয় করেছেন। তাঁর এই ত্যাগ, মানবিকতা ও সমাজসেবার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews