টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত রাঙ্গুনিয়ার অনেক পরিবার এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এমন দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষে চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সভাপতি ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খাঁন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী আদর্শগ্রাম এলাকায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করা হয়। আব্দুল গফুর খানের ব্যক্তিগত সৌজন্য ও উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত পরিবার অংশ নেয়।
ত্রাণ বিতরণকালে আব্দুল গফুর খান বলেন, “চট্টগ্রাম-৭ আসনের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার যে ঐতিহ্য শহীদ জিয়ার পরিবার ও হুমাম কাদের চৌধুরীর রয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্ষুদ্র প্রয়াস। বন্যা ও পাহাড়ধসের এই দুর্যোগে রাঙ্গুনিয়ার একটি পরিবারও যেন না খেয়ে থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
ত্রাণসামগ্রী হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং কঠিন সময় মোকাবিলায় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
কর্মসূচিতে স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, প্রাকৃতিক দুর্যোগে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইছাখালী আদর্শগ্রামের এই ত্রাণ বিতরণ কর্মসূচিও সেই মানবিক দায়বদ্ধতারই একটি উদাহরণ হয়ে উঠেছে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব