রাঙ্গুনিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত একটি ড্রেজার এবং নদীর তীরে বালুর স্তুপ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি ঘটনাস্থলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার আজিজনগর এলাকায় পাহাড়ধস ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সরফভাটা ও শিলক ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শনে যান হুমাম কাদের চৌধুরী। পথে সরফভাটা গোডাউন সেতু অতিক্রম করার সময় ভূমিরখীল এলাকায় কর্ণফুলী নদীর তীরে একটি বালুর স্তুপ এবং নদীতে একটি ড্রেজার তাঁর নজরে আসে।
পরে তিনি গাড়ি থামিয়ে ঘটনাস্থলে যান এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর নির্দেশে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদকে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ড্রেজারটি জব্দের উদ্যোগ নিতে বলা হয়।
এরপর সংসদ সদস্য বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক, কালভার্ট, সেতু ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। একই সঙ্গে সরফভাটা ও শিলক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।