বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শৌচাগারের ময়লা বৃষ্টির পানিতে ছাড়াকে কেন্দ্র করে পদুয়ায় যুবক খুন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নাপিত পুকুরিয়া ব্রীজঘাটা এলাকায় শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মো. ওবায়দুল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুলাই) দুপুর দুইটার দিকে।
নিহত ওবায়দুল এর ভাই মো. শহীদুল বলেন,বাড়ির শৌচাগারের ময়লা বৃষ্টির পানিতে ছাড়াকে কেন্দ্র করে ওবায়দুলের সঙ্গে তাঁর চাচা ও চাচাতো ভাইদের সাথে বাগবিতন্ডা হয় । এক পর্যায়ে কাঠের বাটামের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, ” চাচাদের বাড়ির শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি ছাড়ার পর প্রতিবাদ করায় সবাই মিলে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমরিন খসরু বলেন, ওবায়দুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। Report- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews