বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়া পৌর এলাকায় জলাবদ্ধতার সংবাদ দেখে ছুটে এলেন এস এ মুরাদ চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতার সংবাদ দেখে সরেজমিন পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় নেতা-কর্মীরাও।
পরিদর্শনকালে তিনি জলমগ্ন রাস্তা, ডুবে থাকা কবরস্থান এবং আশপাশের বসতবাড়ির পরিস্থিতি ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতার কারণে তাদের ভোগান্তির চিত্র সম্পর্কে অবগত হন। এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই সড়ক ও কবরস্থান পানিতে তলিয়ে যায়, ফলে চলাচল এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এস এ মুরাদ চৌধুরী তাৎক্ষণিকভাবে রাঙ্গুনিয়া পৌর প্রশাসকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে লোক পাঠানো হয়েছে। তবে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিতভাবে একটি ড্রেন নির্মাণ করতে হবে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এস এ মুরাদ চৌধুরী বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, পৌর প্রশাসনের আন্তরিক উদ্যোগে পরিকল্পিত ড্রেন নির্মাণের মাধ্যমে সৈয়দবাড়ি এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত পরিকল্পিত ড্রেন নির্মাণের কাজ শুরু হলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে তাদের আর এমন দুর্ভোগে পড়তে হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews