বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

টানা ভারী বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড়ধস ও বন্যার শঙ্কা, এমপি হুমাম কাদেরের সতর্কবার্তা

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

টানা ভারী বৃষ্টিপাতের কারণে  রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে উপজেলার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের জন্য কিছু জরুরি নির্দেশনা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, অতি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হন। বিশেষ করে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ ঢালু এলাকার কাছাকাছি অবস্থান করা থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। এ ছাড়া পরিবারে থাকা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের আগেভাগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের সব ধরনের নির্দেশনা মেনে চলতে রাঙ্গুনিয়াবাসীর প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।

পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের উদ্দেশে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘যেসব এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করা উচিত।’

পোস্টের শেষে তিনি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে লেখেন, “আপনার সামান্য সতর্কতাই রক্ষা করতে পারে একটি মূল্যবান জীবন। সকলের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আল্লাহ তাআলা রাঙ্গুনিয়াসহ সবাইকে হেফাজত করুন।”

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী আরও কয়েক দিন এই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews