নিজস্ব প্রতিবেদক
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বুধবারের নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনেও ওই দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নেওয়া হবে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।