বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বনগ্রাম সড়ক, ভ্যানে করে পারাপার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে  রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে স্কুল–কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। পানিতে ডুবে যাওয়া সড়ক দিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের ভ্যানগাড়িতে করে পারাপার করাতে দেখা গেছে স্থানীয় ভ্যানচালকদের।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে বনগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ওপর হাঁটুপানি থেকে কোথাও কোথাও তার চেয়েও বেশি পানি জমে আছে। এ কারণে হেঁটে চলাচল করতে হিমশিম খাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। তাদের কয়েকজনকে ভ্যানগাড়িতে করে পানিবন্দী অংশ পার করে দিতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, টানা কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকের কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেও সমস্যা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মনিরা চৌধুরী বলেন, “টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বনগ্রাম এলাকার নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ছোট ছোট শিক্ষার্থীরা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে, সে জন্য স্থানীয় ভ্যানচালকেরা তাদের পারাপারে সহযোগিতা করছেন। পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।”
স্থানীয়দের দাবি, প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের জলাবদ্ধতা তৈরি হয়। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন এবং সড়ক সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে এমন দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews