বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ায় পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব : টানা ভারী বর্ষণে  রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড়ধস, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রস্তুত রয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান।
রাঙ্গুনিয়ায় পাহাড়ধসের ভয়াবহ স্মৃতি এখনো মানুষের মনে দগদগে। ২০১৭ সালের ১৩ জুন ভোরে টানা বর্ষণের মধ্যে উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়নে পৃথক চারটি পাহাড়ধসের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও ছিলেন। একই বছরের ডিসেম্বরে পাহাড় কাটার সময় আরও তিনজন মাটিচাপা পড়ে প্রাণ হারান।
উপজেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৯ হাজার একর সরকারি এবং ১৫ হাজার একর সংরক্ষিত বনভূমি ও পাহাড় রয়েছে। এসব পাহাড়ের চূড়া ও পাদদেশে গড়ে উঠেছে ১০ হাজারের বেশি বসতঘর। সেখানে প্রায় ৩০ হাজার মানুষ পাহাড়ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার এবং প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসন কয়েকটি হটলাইন নম্বরও প্রকাশ করেছে। নম্বরগুলো হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ০১৭৮৯-৭৯৬১৬০, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ০১৮৩২-৫১৬২৮৬, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) ০১৭৬৯-৪০০১০৯ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ০১৮৬০-৩৮৭১৬১।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনে পাহাড়ি এলাকায় যাতায়াত না করা, পাহাড়ের পাদদেশে অবস্থান না করা এবং ভারী বৃষ্টির সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews