বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ঝড়ে পড়া গাছ সরাতে গিয়ে আহত যুবকের ২০ দিন পর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার রাজানগরে ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে গুরুতর আহত হওয়া মুহাম্মদ সাইফুদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (৬ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সাইফুদ্দিন উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর মাতব্বর বাড়ির বাসিন্দা ও সিরাজুল ইসলামের ছেলে। তিনি রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে রাজানগরের হালিমপুর দরবানির বাড়ি এলাকায় ঝড়ে একটি বড় গাছ ভেঙে একটি বসতঘরের ওপর পড়ে। ক্ষতিগ্রস্ত ঘরটি উদ্ধার করতে স্থানীয়দের সঙ্গে স্বেচ্ছায় গাছ কাটা ও সরানোর কাজে অংশ নেন সাইফুদ্দিন। একপর্যায়ে গাছের একটি ভারী অংশ তাঁর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
সাইফুদ্দিনের মৃত্যুতে রাজানগরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews