রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মোহাম্মদ তানভীর হোসেনের (৩০) মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মো. রফিক বাদী হয়ে গত ২৭ জুন রাঙ্গুনিয়া মডেল থানায় মামলাটি করেন। এতে তানভীরের চাচা শ্বশুর জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার আগে তানভীর নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, “আমার মৃত্যুর কারণ আমার চাচা শ্বশুর, এত বড় অপবাদ না দিলেও পারতে। সবাই ক্ষমা করে দিয়েন আমাকে। ভালো থেকো প্রিয় বউ। সবকিছু শেষ আমার।”
এর আগে, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর বাড়ির পাশের কর্ণফুলী নদীর চরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তানভীরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী তানভীর কোরবানির ঈদের ছুটিতে দেশে এসেছিলেন এবং শিগগিরই কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, নিহতের বাবার দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, মামলায় অভিযুক্ত জসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।