রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামেউল উলুম আলিম মাদরাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী। প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আশরাফ শাহ পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং ইসলাম ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী পরীক্ষার হলে শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার ও নৈতিকতা বজায় রেখে মাদরাসার সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুজ শিক্ষার্থীরা বিদায়ী মানপত্র পাঠের মাধ্যমে পরীক্ষার্থীদের শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে আলিম পরীক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।