রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী গুমাইবিল এলাকায় ৫০০টি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের বছরব্যাপী ৫০ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ জুন) এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেন কেবিএম এর স্বত্বাধিকারী মো. ইলিয়াস। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বছরব্যাপী ৫০ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গুমাইবিল এলাকায় ৫০০টি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, রোপণ করা এসব কৃষ্ণচূড়ার গাছ ভবিষ্যতে এলাকাটির সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।