রাঙ্গুনিয়া উপজেলার বি.আই. জেড. এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের দেশীয় মৌসুমী ফল সংগ্রহ ও প্রদর্শন করে। ফলের বৈচিত্র্যময় সমাহার দর্শনার্থীদের মুগ্ধ করে। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন মৌসুমী ফলের সঙ্গে পরিচিত করা হয় এবং এসব ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও সচেতনতা সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরা বিদ্যালয়ের এমন ব্যতিক্রমী ও শিক্ষামূলক আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে।