রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ ও সিএনজিচালিত অটোরিকশাচালক শ্যামল দাশের মালিকানাধীন দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্যামল দাশ অটোরিকশা নিয়ে কর্মস্থলে বের হন। এ সময় তাঁর স্ত্রী কিস্তির টাকা পরিশোধ করতে বাড়ির বাইরে যান। এর কিছুক্ষণ পর ঘরটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ২৫ ফুট বাই ৩৫ ফুট আয়তনের টিন ও বেড়ার তৈরি ঘরটি আগুনে ভস্মীভূত হয়। পরে আগুন পাশের অসীম দাশের ঘরেও ছড়িয়ে পড়ে। একই আয়তনের সেই ঘরটিও পুড়ে যায়। আকস্মিক এ ঘটনায় ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত রওনা দেয়। তবে চৌধুরীপাড়ার ভেতরের সড়ক সরু হওয়ায় গাড়িটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের আরও কয়েকটি বসতঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা পরিবার দুটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।